তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয় নারীদের জন্য একাধিক বড় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা সম্প্রসারণ।
সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিজয়। ‘অন্নাপূরানি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় পরিবারের নারী প্রধানদের বছরে তিনটি করে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। আগামী জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় থেকে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।
সরকারের হিসাবে, এ প্রকল্পে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে। এর জন্য বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে জানানো হয়েছে। বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত থাকা পরিবার, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার এ সুবিধার আওতায় থাকবে।
সিলিন্ডার কেনার পর তেল বিপণনকারী প্রতিষ্ঠানের বিল অনুযায়ী এর মূল্য সরাসরি পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। সিলিন্ডার বুকিং ও সরবরাহ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত অর্থ ব্যাংক হিসাবে জমা হবে।
এদিকে নারীদের বিনামূল্যে বাসযাত্রার সুবিধাও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে সরকারি বাসের পাশাপাশি এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
এই সুবিধা পেতে কোনো আয়সীমা থাকবে না। একই সঙ্গে একজন নারী কতবার বাসে যাতায়াত করতে পারবেন, তারও কোনো সীমা রাখা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।