Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল - Chief TV

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  23 views
ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল - Chief TV

দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় এটি তার প্রথম সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।

পরে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সফরের শুরুতেই পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে দুপুরে নিজ বাসভবনে ফিরে খাবার ও বিশ্রাম নেবেন তিনি।

পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান এবং রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটাই তার প্রথম সফর।


Share: