Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে - Chief TV

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  39 views
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে - Chief TV

রক্তশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলে এবং রক্তশূন্যতার কারণে তাঁকে রক্ত দেওয়া হয়।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের পরামর্শে সেবন করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। এ কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় অসুস্থতা সত্ত্বেও উপস্থিত ছিলেন মন্ত্রী। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক ডিকেন জানান, ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে যান। ভূমিমন্ত্রী ও তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


Share: