Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ - Chief TV

ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ - Chief TV

2026-08-16  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  40 views
ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ - Chief TV

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকায় গুরুত্বপূর্ণ একটি কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর সম্প্রতি ব্রিজটির একাংশ ভেঙে নদীতে পড়ে গেলে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। নিরাপদ বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা কিংবা ব্রিজের অবশিষ্ট অংশ ব্যবহার করে নদী পারাপার করছেন। বর্ষায় নদীতে পানি বাড়ায় ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রতিদিন স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নদী পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় দ্রুত নিরাপদ যাতায়াতের ব্যবস্থা চান তারা।

এদিকে গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি শুধু মানুষের চলাচলের জন্য নয়, কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি ভেঙে যাওয়ায় ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য হাট-বাজারে নিতে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এতে কৃষকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সামিমুল বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা করা প্রয়োজন।

জসিম সরকার বলেন, প্রাণনাথ চর ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার কিংবা নতুন করে ব্রিজ নির্মাণ করা হলে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এলাকাবাসীর দুর্ভোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, আপাতত দুর্ভোগ কমাতে দ্রুত নিরাপদ বিকল্প পারাপারের ব্যবস্থা করার পাশাপাশি প্রাণনাথ চর এলাকায় একটি স্থায়ী ও টেকসই পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেবে।


Share: