Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / হঠাৎ তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূতের সফর, কৌতূহল - Chief TV

হঠাৎ তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূতের সফর, কৌতূহল - Chief TV

2026-08-30  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  45 views
হঠাৎ তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূতের সফর, কৌতূহল - Chief TV

রংপুর বিভাগের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর তিস্তা ব্যারাজ ও এর সংলগ্ন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পূর্বঘোষিত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই তার আকস্মিক এ সফর স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ব্যারাজের সার্বিক ব্যবস্থাপনা এবং আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।

সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ অন্য সফরসঙ্গীরা।

তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। তিন দিনের সফরে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনেরও কথা রয়েছে।

সফরের পরবর্তী ধাপে তিনি নীলফামারীর সৈয়দপুরে ঐতিহাসিক রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, চিনি মসজিদ ও খ্রিস্টান চার্চ পরিদর্শন করবেন বলে জানা গেছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন শিল্পকারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চা-বাগান ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূত সেখানে এসেছেন। তবে সফর ঘিরে বিস্তারিত কোনো পরিকল্পনা তাদের জানা নেই।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকও জানান, রাষ্ট্রদূতের সফরের উদ্দেশ্য বা নির্দিষ্ট কোনো পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত নন। তবে তার জানামতে, ব্যক্তিগত আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।


Share: