Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / যারা হলুদ সাংবাদিক, আমি তাদের গালি দিয়েছি: এনায়েতুল্লাহ আব্বাসি - Chief TV

যারা হলুদ সাংবাদিক, আমি তাদের গালি দিয়েছি: এনায়েতুল্লাহ আব্বাসি - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  40 views
যারা হলুদ সাংবাদিক, আমি তাদের গালি দিয়েছি: এনায়েতুল্লাহ আব্বাসি - Chief TV

সব সাংবাদিককে গালিগালাজ করেননি, বরং ‘হলুদ সাংবাদিকদের’ গালি দিয়েছেন বলে মন্তব্য করেছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসি। তাঁর দাবি, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাংবাদিকদের উদ্দেশ্য করেই তিনি সমালোচনা করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে আব্বাসি বলেন, তাঁর বক্তব্যে সব সাংবাদিককে এক পাল্লায় মাপা হয়নি। যারা অপপ্রচার চালান এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ান, তাঁদের বিরুদ্ধেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান।

ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে আব্বাসি বলেন, মাদক নির্মূলের উদ্যোগের উদ্দেশ্য মহৎ ছিল। তবে পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার পদ্ধতি সঠিক ছিল না। তাঁর অভিযোগ, একদল সাংবাদিক অভিযানটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। গণমাধ্যমকর্মীরা চাইলে বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নেতিবাচক প্রচারণার কারণে অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয় এবং একপর্যায়ে ইশরাককে পদ হারাতে হয়।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি। সেখানে ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলার সময় তিনি সাংবাদিকদের একাংশের সমালোচনা করেন।

ওই মাহফিলে আব্বাসি বলেন, ইশরাকের মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর উদ্দেশ্য ঠিক থাকলেও পিস্তল উঁচিয়ে অভিযান পরিচালনার পদ্ধতি সঠিক ছিল না। তাঁর অভিযোগ, একদল সাংবাদিক অভিযানটিকে নেতিবাচকভাবে প্রচার করেছেন। এ সময় তিনি ‘হলুদ সাংবাদিকদের’ উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং তাঁদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেন।

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে সাংবাদিকদের মারধরের পক্ষে দেওয়া মন্তব্যটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করেন, তাঁর সমালোচনা সব সাংবাদিকের বিরুদ্ধে নয়; বরং তাঁর ভাষায়, ‘হলুদ সাংবাদিকদের’ উদ্দেশ্য করে।


Share: