Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা - Chief TV

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  49 views
যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা - Chief TV

রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি সেলুনে সেভ ও হালকা ফেসিয়াল করিয়ে সাড়ে চার হাজার টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবাসীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক, উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা আলী আজগর ইমন। বিল নিয়ে আপত্তি জানালে সেলুনে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে ওই প্রবাসী কান্নায় ভেঙে পড়েন বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে ঘটনাটি তুলে ধরেন আলী আজগর ইমন। তার দাবি, আশকোনা এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে কয়েকটি সেলুনে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ রয়েছে। পোস্টটির মন্তব্যের ঘরেও কয়েকজন একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

আলী আজগর ইমনের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব থেকে দেশে ফিরে ওই প্রবাসী আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি ছোট নন-এসি সেলুনে সেভ করতে যান। সেভের পাশাপাশি হালকা ফেসিয়াল করার পর সেলুনের কর্মীরা তার কাছে সাড়ে চার হাজার টাকা বিল দাবি করেন। এতে অবাক হয়ে যান ওই প্রবাসী। তার ধারণা ছিল, নেওয়া সেবার জন্য সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ টাকা বিল হতে পারে।

বিল নিয়ে আপত্তি জানালে একপর্যায়ে সেলুনকর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় তিনি বাড়িতে ফোন করেন। পরে বিকাশের মাধ্যমে টাকা এনে সেলুনের বিল পরিশোধ করেন। এরপর স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

আলী আজগর ইমন আরও দাবি করেন, পরে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, আশকোনা এলাকায় প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ নতুন নয়। সেলুনে সেবা নিতে গিয়ে অনেকে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং হতাশ হয়ে বাড়ি ফেরেন বলেও তিনি দাবি করেন।

বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের দেশে ফেরার পর এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রবাসীদের হয়রানি কিংবা অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ সত্য হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সেলুন মালিক বা কর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


Share: