Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / বিএনপি নেতার 'দাঁত ফেলে দিলেন' আওয়ামী লীগ নেতা - Chief TV

বিএনপি নেতার 'দাঁত ফেলে দিলেন' আওয়ামী লীগ নেতা - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  42 views
বিএনপি নেতার 'দাঁত ফেলে দিলেন' আওয়ামী লীগ নেতা - Chief TV

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের বিরুদ্ধে শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তার একটি দাঁত পড়ে গেছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদি দোকানের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শাহ আলম মাতুব্বরের অভিযোগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার (১৯ আগস্ট) মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। ওই ঘটনায় তাকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তার ওপর অতর্কিত হামলা চালান।

তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে আঘাতে তার একটি দাঁত পড়ে যায়।

এ ঘটনায় শাহ আলমের ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০), ইমরান মোল্যা (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্যা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি জিয়া মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


Share: