Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / বিরোধ মীমাংসার নামে নারীকে হোটেলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Chief TV

বিরোধ মীমাংসার নামে নারীকে হোটেলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  51 views
বিরোধ মীমাংসার নামে নারীকে হোটেলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Chief TV

পারিবারিক বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিকান্দার আলীর বিরুদ্ধে। অভিযোগটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিকান্দার আলী রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের একাংশ।

ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের আশায় তারা স্থানীয় বিএনপি নেতা ও সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর কাছে যান। তিনি বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বিরোধ মীমাংসার কথা বলে ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ নামের একটি আবাসিক হোটেলে যেতে বলেন সিকান্দার আলী। নির্ধারিত সময়ে সেখানে গেলে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সিকান্দার আলী। তিনি দাবি করেছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের জানান, ওই নারীর স্বামী তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, তারা ঘটনাটি মৌখিকভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এবং এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হলে সিকান্দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় থানায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


Share: