Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না : সালমান মুক্তাদির - Chief TV

আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না : সালমান মুক্তাদির - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  28 views
আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না : সালমান মুক্তাদির - Chief TV

ব্যক্তিগত জীবনের নানা সংকট, স্টুডিও ভাঙার ঘটনা এবং দেশে কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। স্ত্রী-সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন জানিয়ে নিজের ক্ষতি ও মানসিক চাপের কথাও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, বাংলাদেশে আর স্টুডিও পরিচালনা কিংবা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁর।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে এসব কথা বলেন সালমান। ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। গত শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যক্তিগত সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি কোনো বার্তা আছে কি না, জানতে চাইলে সালমান বলেন, সরকারকে কিছু বলার সুযোগ এখনো তাঁকে দেওয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। তাই তাঁর মনে হয়েছে, কিছু বললেও তা শোনার মতো পরিস্থিতি তৈরি হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই কনটেন্ট নির্মাতা। তাঁর মতে, এ বিষয়ে যাঁদের কথা বলা উচিত, তাঁদেরই কথা বলা ভালো। সাধারণ নাগরিক হিসেবে মানুষ শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো বা খারাপ অভিজ্ঞতা নিতে পারে। এ নিয়ে তাঁদের বক্তব্যে বাস্তবে খুব বেশি পরিবর্তন আসে না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত জীবন ও স্ত্রী-সন্তানকে নিয়ে কেমন আছেন, এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, তাঁরা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বড় একটি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এতে তাঁর কষ্ট ও ক্ষতি হয়েছে বলে স্বীকার করলেও এ নিয়ে বসে থাকতে চান না তিনি। তাঁর ভাষ্য, জীবনে ভালো কিছু পেতে চাইলে খারাপ সময়ের জন্যও প্রস্তুত থাকতে হয়। প্রতিকূলতা এলে তা অতিক্রম করাই জরুরি।

তাঁকে ঘিরে বিভিন্ন ঘটনার সঙ্গে শ্বশুরের নাম উঠে আসার প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। জবাবে সালমান বলেন, ঘটনা ঘটে যাওয়ার পর কীভাবে সবকিছু ঘটেছে, তা জানার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ তিনি পাননি। তাঁর দাবি, তাঁকে দোষী বলা হলেও অভিযোগের বিষয়ে সরাসরি আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়নি। প্রমাণ ছাড়াই অভিযোগ ছড়িয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।

এ ধরনের অভিযোগ একজন মানুষের ব্যক্তিগত জীবন ও পেশাগত ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও কথা বলেন সালমান। তাঁর মতে, সবাই একইভাবে চাপ সামলাতে পারেন না। ভিত্তিহীন অভিযোগের কারণে কারও সুনাম, কর্মজীবন ও স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ ধরনের ঘটনা মোকাবিলায় সবার দায়িত্বশীল থাকা প্রয়োজন।

খ্যাতি ও জনপ্রিয়তার পাশাপাশি নেতিবাচক পরিস্থিতিও মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত বলে মনে করেন তিনি। সালমান বলেন, জনপ্রিয়তার ভালো দিকগুলো গ্রহণ করতে চাইলে এর সঙ্গে আসা নেতিবাচক দিকগুলোরও মুখোমুখি হতে হবে।

স্টুডিও ভাঙার ঘটনার পর দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা এবং বাংলাদেশে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সালমান স্পষ্টভাবে জানান, দেশে থাকার পরিকল্পনা তাঁর আগে থেকেই ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর বাংলাদেশে আর সেটি পরিচালনা না করার কথা জানিয়েছিলেন তিনি। ভবিষ্যতে দেশটিতে নতুন করে বিনিয়োগ করারও ইচ্ছা নেই বলে জানান এই কনটেন্ট নির্মাতা।


Share: