Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / 'আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই' - Chief TV

'আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই' - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  23 views
'আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই' - Chief TV

কুমিল্লার বাঙ্গরায় বিয়ের আশ্বাস দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে অস্বীকৃতি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণসহ তাঁর পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরী।গত ২৫ অক্টোবর অভিযোগটি দেওয়া হয় বলে জানা গেছে।

অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ইয়াছিন তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কিশোরীর ভাষ্য, ওই রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানতে পেরে উভয় পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে পরবর্তী সময়ে সালিশে যুক্ত ব্যক্তিরা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে ভুক্তভোগীর পরিবারকে চার লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি তাঁর।

ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, সে কোনো টাকা চায় না; ইয়াছিনকে স্বামী হিসেবে চায়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম জানান, ছুটি শেষে তিনি সেদিন কর্মস্থলে ফিরেছেন, তাই ঘটনাটি সম্পর্কে তখনো বিস্তারিত জানতেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাত ও তাঁর পরিবারের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।


Share: