নওগাঁর আত্রাইয়ে সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। রোববার সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় তাকে ডাকাডাকি করেন। তবে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি সন্দেহ করেন।
পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় সাথীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে আত্রাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।