Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী - Chief TV

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  37 views
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী - Chief TV

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এ কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ও উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাইকে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে হবে।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার কেড়ে নিয়ে নিষ্ঠুর শাসন এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে সম্মানি ভাতা তুলে দেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে এ ভাতা দেওয়া হয়েছে।


Share: