Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / লাইফস্টাইল / ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজ - Chief TV

ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজ - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  22 views
ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজ - Chief TV

শহরাঞ্চলে মশা-মাছির উপদ্রব থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করেন ইলেকট্রিক ব্যাট। তবে এই যন্ত্র দিয়ে মশা-মাছি মারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ কি না, তা নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে। একদল আলেমের মতে, বৈদ্যুতিক ব্যাটে মশা পুড়ে মারা যায় বলে এটি ব্যবহার করা উচিত নয়। অন্যদের মতে, মশা মারা হয় বৈদ্যুতিক শকের মাধ্যমে, আগুনে পুড়িয়ে নয়। তাই এটি ব্যবহার করা জায়েজ।

যাঁরা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা নাজায়েজ মনে করেন, তাঁদের যুক্তি হলো, এ যন্ত্রে মশা পুড়ে মারা যায়। ইসলামে কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া বা পুড়িয়ে মারা নিষিদ্ধ। এ বিষয়ে হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আগুন দিয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০১৬)

অন্যদিকে, অনেক ইসলামি গবেষক ও আলেমের মতে, বৈদ্যুতিক শক এবং আগুন এক বিষয় নয়। তাঁদের যুক্তি, ইলেকট্রিক ব্যাটে কাগজ বা কাপড় রাখলে তাতে আগুন ধরে না। বরং বৈদ্যুতিক শকের কারণেই মশার মৃত্যু হয়। তাই একে আগুন দিয়ে পুড়িয়ে মারার বিধানের আওতায় ফেলা ঠিক নয়।

ক্ষতিকর প্রাণী নিধনের বিষয়ে হাদিসেও আলোচনা রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক নবীকে পিঁপড়া কামড় দেওয়ার পর তাঁর নির্দেশে পিঁপড়ার বাসা পুড়িয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাঁকে একটি পিঁপড়ার অপরাধে পুরো দলকে শাস্তি দেওয়ার বিষয়ে তিরস্কার করেন। (সহিহ মুসলিম, হাদিস: ২২৪১)

ভারতের দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়ায় বলা হয়েছে, মশা নিধনের অন্য কোনো পদ্ধতি না থাকলে বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করা জায়েজ। তবে বিকল্প পদ্ধতি থাকলে ব্যাট দিয়ে মশা পোড়ানো উচিত নয়।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সংস্থাটির ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ বলে মনে করেন তিনি। তাঁর মতে, ব্যাটে মশা মারা হয় বৈদ্যুতিক শকের মাধ্যমে, আগুনে পুড়িয়ে নয়। এ বিষয়ে গবেষণাকারী অনেক আলেমও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানান তিনি।

অন্যদিকে, ঢাকা থেকে প্রকাশিত মাসিক আল-কাউসারের একটি ফতোয়ায় ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েজ নয় বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এ প্রসঙ্গে সহিহ বুখারির ৩০১৬ নম্বর হাদিস এবং আদ্দুররুল মুখতারের ষষ্ঠ খণ্ডের ৭৫২ পৃষ্ঠার উদ্ধৃতি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ একে বৈদ্যুতিক শকের মাধ্যমে প্রাণী নিধন হিসেবে জায়েজ মনে করেন, আবার কেউ আগুনে পুড়িয়ে মারার আশঙ্কায় তা থেকে বিরত থাকার পরামর্শ দেন। ধর্মীয় বিষয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া যেতে পারে।


Share: