চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি কওমি মহিলা মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদকে আটক করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্য, মাদরাসাটিতে পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন বিভাগ রয়েছে। আবাসিক বিভাগে শতাধিক ছাত্রী পড়াশোনা করে। অভিযুক্ত শিক্ষক প্রায় ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।
ঘটনার অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।