Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / পদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী - Chief TV

পদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  25 views
পদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী - Chief TV

মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতা তাইজুল ইসলামের বসতঘরে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে তাইজুল ইসলাম ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যানার হাতে কয়েকশ নারী-পুরুষ তাঁর শাস্তির দাবিতে একত্রিত হন। একপর্যায়ে তাঁদের মধ্য থেকে কয়েকজন তাইজুল ইসলামের বসতঘরে ভাঙচুর চালান।

এলাকাবাসী জানান, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি করতেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ইউনিয়নে দলটির প্রচার-প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

গত রোববার তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এর আগে ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন বলে তাঁরা জানতে পারেন। পরে কিছু লোক তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: