Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির হাতকড়াসহ ফেসবুক লাইভ - Chief TV

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির হাতকড়াসহ ফেসবুক লাইভ - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  39 views
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির হাতকড়াসহ ফেসবুক লাইভ - Chief TV

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে ডাকাতি মামলার এক আসামিকে স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই ব্যক্তি হাতকড়া পরা অবস্থায় ফেসবুক লাইভে এসে নানা অভিযোগ করেন। তবে পুলিশ বলছে, আসামি হাতকড়াসহ পালিয়েছে—এমন তথ্য সঠিক নয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামির নাম মো. আসির মিয়া। তিনি দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসির মিয়া ও তার দুই ভাই নাছির মিয়া এবং বাচ্চু মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসির মিয়াকে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আসামির স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে আসির মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। লাইভে এক হাতে হাতকড়া দেখিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে তাকে মারধর ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ করেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, আসামিকে আটকের সময় স্থানীয় কিছু নারীসহ কয়েকজন ব্যক্তি বাধা সৃষ্টি করলে হট্টগোলের সুযোগে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, হাতকড়াসহ আসামি পালিয়েছে—এ তথ্য সঠিক নয়। নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকজন নারী ঝামেলা সৃষ্টি করলে সুযোগ বুঝে সে পালিয়ে যায়।

পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।


Share: