সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন ১৮ বছর বয়সী এক তরুণী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আসিফ মাহমুদ (১৯) নামের এক তরুণের বাড়ির সামনে অবস্থান করছেন সুবর্ণা নামের ওই তরুণী।
সুবর্ণা জানান, আসিফ তাঁর খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁর অভিযোগ, এই সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।
সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে।
এ বিষয়ে আসিফের বাবা আবু হাশেম জানান, তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে রাতে তিনি ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। আসিফ পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, আসিফের বিরুদ্ধে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।