Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / রংপুরে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার, আটক ৩ - Chief TV

রংপুরে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার, আটক ৩ - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  37 views
রংপুরে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার, আটক ৩ - Chief TV

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ডাকাতির সময় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

জানা গেছে, কয়েকদিন ধরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে গণপতির শ্যালিকা বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে ভেতরে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুইতলা বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় সিঁড়িতে এবং ছেলের মরদেহ ছিল ঘরের খাটের নিচে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে ডাকাতির সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী নিজ বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। কয়েকদিন ধরে বাড়িটি তালাবদ্ধ থাকলেও পরিবারের সদস্যদের কাউকে বাইরে দেখা যায়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।


Share: