Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও পোনা অবমুক্ত - Chief TV

শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও পোনা অবমুক্ত - Chief TV

2026-08-16  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  41 views
শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও পোনা অবমুক্ত - Chief TV

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিরেক্টর এম এ সুজন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ইলোরা ইয়াসমিন। সভায় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও যমুনাপাড়ের মানুষের জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধের পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


Share: