Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার - Chief TV

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  34 views
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার - Chief TV

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাঙ্গন দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সীমান্ত এলাকার বিভিন্ন অনিয়ম ও নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।


Share: