কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন টয়লেট ও হাসপাতালের বিভিন্ন স্থানের নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মাদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রীর মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’ টাইলসের ওপর কালো দাগ থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।
হাসপাতালের টয়লেটের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। ছয়টি টয়লেটের মধ্যে পাঁচটিই বন্ধ রয়েছে উল্লেখ করে অন্তত টয়লেটগুলো ঠিক রাখার নির্দেশ দেন তিনি। একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
এ ছাড়া হাসপাতালের দীর্ঘদিন ধরে নষ্ট থাকা বৈদ্যুতিক পাখাগুলোর বিষয়েও নজর দেন মন্ত্রী। এগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বর্তমানে হাসপাতালে ১১৭টি টয়লেট সচল রয়েছে এবং ৩০টি ব্যবহারের অনুপযোগী। সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আগামী ১৫ দিনের মধ্যে বাথরুমগুলো ব্যবহারের উপযোগী করার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে একাধিক স্বজন থাকায় হাসপাতালের ওপর বাড়তি চাপ রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীর ১৬৫টি পদের মধ্যে ১০২টি পদই শূন্য। ফলে জনবল সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।