Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / হাসপাতাল স্থাপন শাহজাদপুরে: মখদুম শাহদৌলার নামে নামকরণের দাবি - Chief TV

হাসপাতাল স্থাপন শাহজাদপুরে: মখদুম শাহদৌলার নামে নামকরণের দাবি - Chief TV

2026-06-05  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  101 views
হাসপাতাল স্থাপন শাহজাদপুরে: মখদুম শাহদৌলার নামে নামকরণের দাবি - Chief TV
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭ নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নে একটি নতুন হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতের সরাসরি দিকনির্দেশনায় হাসপাতালটি বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়া চলমান থাকলেও এখনো এর নির্দিষ্ট স্থান চূড়ান্ত করা হয়নি। তবে হাসপাতালটি নির্মাণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এর নামকরণ নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা শুরু হয়েছে।
 
এলাকার সর্বস্তরের মানুষের জোরালো দাবি, শাহজাদপুরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মহান সাধক হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনি (রহ.)-এর নামানুসারেই যেন এই নতুন হাসপাতালটির নামকরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, হযরত মখদুম শাহদৌলা (রহ.) শাহজাদপুর অঞ্চলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যার স্মৃতি এবং অবদান এই জনপদের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর এই ঐতিহাসিক অবদানকে যথাযথ সম্মান জানাতে এবং বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হাসপাতালটির নাম “মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনি (রহ.) হাসপাতাল” রাখা হলে তা এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত প্রত্যাশার এক অনন্য প্রতিফলন ঘটাবে।
 
উল্লেখ্য, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন শাহজাদপুর উপজেলার একটি জনবহুল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে উন্নত চিকিৎসা সেবার ঘাটতি রয়েছে। নতুন এই হাসপাতালটি নির্মিত হলে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের চিকিৎসাকষ্ট লাঘব হবে এবং তারা দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে তীব্র আশা প্রকাশ করছে সচেতন এলাকাবাসী।

 

Share: