বিশ্বকাপ এলেই বদলে যায় ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের চিত্র। লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসায় পুরো গ্রামটি সেজে ওঠে আর্জেন্টিনার রঙে। স্থানীয়দের কাছে এখন এ গ্রামের পরিচয় ‘আর্জেন্টিনা গ্রাম’ হিসেবে।
ফুলগাজী উপজেলার ২ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বিশ্বকাপের সময় দেখা যায় আকাশি-সাদা আর্জেন্টিনার পতাকা। বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে গ্রামের প্রবেশপথ পর্যন্ত সাজানো হয় প্রিয় দলের রঙে। শিশু থেকে শুরু করে বয়স্করাও আর্জেন্টিনার জার্সি পরে প্রকাশ করেন নিজেদের সমর্থন।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই এই গ্রামের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তবে লিওনেল মেসির অসাধারণ ফুটবল দক্ষতা ও ব্যক্তিত্ব তাদের ভালোবাসাকে আরও গভীর করেছে। বিশ্বকাপ ঘিরে গ্রামের তরুণরা একসঙ্গে খেলা দেখেন, আনন্দ মিছিল করেন এবং নানা আয়োজনের মাধ্যমে তৈরি করেন উৎসবের পরিবেশ।
স্থানীয়দের মতে, আর্জেন্টিনার প্রতি এই আবেগের কারণেই আশপাশের মানুষ এখন উত্তর আনন্দপুরকে ‘আর্জেন্টিনা গ্রাম’ নামে বেশি চেনেন। তাদের কাছে এটি শুধু একটি নাম নয়, বরং ফুটবলপ্রেম ও দীর্ঘদিনের আবেগের প্রতীক।
বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে আবারও উৎসবের প্রস্তুতি চলছে গ্রামটিতে। আর্জেন্টিনা শিরোপা জিতবে—এমন প্রত্যাশায় উচ্ছ্বসিত সমর্থকরা। তাদের বিশ্বাস, মেসির নেতৃত্বেই আবারও বিশ্বকাপ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।