Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / মহিলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৭ - Chief TV

মহিলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৭ - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  41 views
মহিলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৭ - Chief TV
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া সাতজন হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বন্দি পালানোর বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 

 

Share: