Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / মিয়ানমার থেকে ৪০ হাজার ইয়াবা এনে কক্সবাজারে আটক যুবক - Chief TV

মিয়ানমার থেকে ৪০ হাজার ইয়াবা এনে কক্সবাজারে আটক যুবক - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  24 views
মিয়ানমার থেকে ৪০ হাজার ইয়াবা এনে কক্সবাজারে আটক যুবক - Chief TV

মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় প্রবেশের পর বিজিবির হাতে আটক হয়েছেন মো. কামাল (৩৩) নামে এক যুবক। এ সময় তার কাছে থাকা চারটি কার্টন থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক কামাল উখিয়ার বালুখালী জমিদারপাড়া এলাকার কবির আহমেদের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরীর চাচাতো ভাই।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় বিজিবির সদস্যদের। তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে তার হাতে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন পাওয়া যায়। কার্টনগুলো থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, ঘটনার সময় কামালের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা ফোরকান চৌধুরীর এক আত্মীয়ও ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

কামালের সঙ্গে ফোরকান চৌধুরীর আত্মীয়তার বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক সরবরাহ ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযানও অব্যাহত থাকবে।


Share: