Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ম্যাচের আগের রাতে রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের আকস্মিক মৃত্যু - Chief TV

ম্যাচের আগের রাতে রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের আকস্মিক মৃত্যু - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  37 views
ম্যাচের আগের রাতে রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের আকস্মিক মৃত্যু - Chief TV

ফ্রান্সে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে যাওয়ার আগের রাতে হোটেলকক্ষে মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফরাসি কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রুজের মহাধমনি ছিঁড়ে যাওয়ায় হৃদপিণ্ডের চারপাশের আবরণে প্রচুর রক্ত জমে যায়। চিকিৎসকদের ধারণা, রক্তনালির কোনো অংশ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার গুরুতর জটিলতা থেকে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুকে স্বাভাবিক কারণে হওয়া মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের ইলে দ্য রে দ্বীপে লায়ন্স দলের হোটেলের গোসলখানায় অচেতন অবস্থায় অ্যান্ড্রুজকে উদ্ধার করা হয়। জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেও সফল হননি। লা রোশেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র এক দিন আগে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাগবি অঙ্গনে।

শোকের মধ্যেও সতীর্থকে শ্রদ্ধা জানাতে মাঠে নামে লায়ন্স দল। স্টেড মার্সেল-ডেফল্যান্ড্রে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাঠে রাখা হয় অ্যান্ড্রুজের ৫ নম্বর জার্সি। স্বাগতিক লা রোশেলের সমর্থকেরাও করতালির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান। তবে ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলটি ৩১-১৪ ব্যবধানে হেরে যায়।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা অ্যান্ড্রুজ পেশাদার ক্যারিয়ারের বড় একটি সময় কাটিয়েছেন শার্কসের হয়ে। ইংল্যান্ডের সেল ক্লাবেও আড়াই মৌসুম খেলেছেন তিনি। চলতি মৌসুমে দেশে ফিরে লায়ন্স দলে যোগ দিয়েছিলেন এই রাগবি তারকা।

অ্যান্ড্রুজের মরদেহ এখনো ফরাসি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। তা দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁর স্ত্রী মাইগলিন ও দুই ছোট সন্তানের পক্ষ থেকে শোকের এই সময়ে সবার কাছে গোপনীয়তা ও ধৈর্য বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

অ্যান্ড্রুজের সাবেক ক্লাব সেলের রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসনসহ ক্রীড়াঙ্গনের অনেকে তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


Share: