নাটোরে বিশেষ কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারের সময় সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) ও মিন্টু আকন্দ (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার সাকিব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের এবং মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও গাড়িতে থাকা দুজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পায়ুপথ থেকে কনডমে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, রনি নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি বিশেষ প্রক্রিয়ায় তা বহন করছিলেন। চালানটি মিন্টুর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি নাটোরে এসেছিলেন বলে জানায় র্যাব।
পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আইনি ব্যবস্থা শেষে তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।