Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / বিশ্বকাপের মহড়ায় মেসির চমক, আর্জেন্টিনার বড় জয় - Chief TV

বিশ্বকাপের মহড়ায় মেসির চমক, আর্জেন্টিনার বড় জয় - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  132 views
বিশ্বকাপের মহড়ায় মেসির চমক, আর্জেন্টিনার বড় জয় - Chief TV
বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র এক দিন। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে আইসল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো আলবিসেলেস্তেরা।
 
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচ জুড়ে বলের দখল এবং আক্রমণের তীব্রতায় স্পষ্ট আধিপত্য ধরে রেখে দাপুটে জয় নিশ্চিত করেছে তিন তারকার দলটি।

ম্যাচের শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য কিছুটা সতর্কবার্তা নিয়ে এসেছিল। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে ওঠে আইসল্যান্ড। দলটির তারকা ফরোয়ার্ড এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি; তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে রক্ষা পায় আর্জেন্টিনা। প্রাথমিক সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে তারা।
 
ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় ছিলেন নিকো পাজ। তার সৃজনশীল পাসিং ও গতিশীলতা বারবার আইসল্যান্ডের রক্ষণে অস্বস্তি তৈরি করেছে। মাঝেমধ্যে আইসল্যান্ড লম্বা বল এবং থ্রো-ইনের মাধ্যমে চাপ তৈরির চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগের কারণে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

প্রথমার্ধের বিরতি শেষে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। তার উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৭২ মিনিটে বক্সের ভেতর ফাউল হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে সফল লক্ষ্যভেদে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ৮৬ মিনিটে আবারও আইসল্যান্ডের রক্ষণভাগকে চেপে ধরে আর্জেন্টিনা।
 
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে দলের এমন জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা শিবির।

Share: