Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ - Chief TV

৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  24 views
৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ - Chief TV

বার্সেলোনার সাবেক তারকা ও লিওনেল মেসির সতীর্থ ক্রিস্টিয়ান তেলো ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান স্প্যানিশ এই উইঙ্গার। দীর্ঘ ক্যারিয়ারে ছয় দেশের বিভিন্ন ক্লাবে ৫১২টি ম্যাচ খেলেছেন লা মাসিয়ার এই গ্র্যাজুয়েট।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন তেলো। কাতালান ক্লাবটির হয়ে ৫৯ ম্যাচে ১১ গোল করেন তিনি এবং জেতেন লা লিগাসহ তিনটি ট্রফি। বার্সেলোনায় থাকাকালীন লিওনেল মেসির সঙ্গে তার দারুণ বোঝাপড়া ছিল।

লা লিগায় তেলোর প্রথম গোলটি এসেছিল মেসির থ্রু পাস থেকে। এছাড়া কোপা দেল রেতে নিজের প্রথম হ্যাটট্রিকেও মেসির কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলেন তিনি।

বার্সেলোনার হয়ে নিজেকে পরিচিত করে তোলার পর তেলো খেলেছেন রিয়াল বেতিস, পোর্তো, ফিওরেন্তিনা ও লস অ্যাঞ্জেলস এফসির মতো ক্লাবে। ক্যারিয়ারের একপর্যায়ে সৌদি আরবের আল ফাতেহ ও আল ওবোরাহর হয়েও খেলেছেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের পাম সিটি এফসিতে যোগ দেন তেলো। সেখানেই পেশাদার ফুটবলের ইতি টানলেন তিনি।

সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান তেলো। বিদায়বার্তায় পেশাদার ফুটবলের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে পরিবার, সতীর্থ, কোচ, ক্লাব কর্মকর্তা, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তেলো জানান, বহু বছর, ম্যাচ, ড্রেসিংরুম, আনন্দ ও কঠিন সময় পেরিয়ে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সময় এসেছে। ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে এবং যে স্বপ্নগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল, সেগুলোও পূরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পেশাদার ফুটবলার হিসেবে তার সময় শেষ হলেও ফুটবল থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা আজীবন সঙ্গে থাকবে বলেও জানান তেলো। বিদায়বেলায় ফুটবলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন সাবেক এই বার্সেলোনা তারকা।


Share: