Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত - Chief TV

আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  41 views
আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত - Chief TV

গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক উপপরিদর্শক ও গাড়িচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেলেও সেটি শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার ওয়াহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় কালীগঞ্জ থানা-পুলিশ। রাত পৌনে ৩টার দিকে উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়াহিদকে তাঁর বাড়ি থেকে আটক করে।

আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়িটি থামানো হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক রাব্বি।

এমন সময় সড়ক দিয়ে চলাচলকারী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি এসআই মিজানুর রহমানকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায়।

পরে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ৩টা ৫০ মিনিটের দিকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গুরুতর আহত এসআই মিজানুর রহমানকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আহত এসআই জাবেদ ওমর চিকিৎসা নিচ্ছেন এবং গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Share: