বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনায় গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর মুক্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সিফাতের গ্রেপ্তারের প্রতিবাদ জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ করায় কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার। মতপ্রকাশের কারণে একজন কলেজছাত্রকে হয়রানি করা বা কঠোর আইনে ফাঁসানোর সুযোগ থাকা উচিত নয়।
সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিও জানান এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে মানুষের কণ্ঠরোধ না করে অন্যায় বিলের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং নাগরিকের মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির নেতাকর্মীরা সিফাতের মুক্তির দাবিতে গাছা থানার সামনে অবস্থান নেন। পরে রাত দুইটার পর তারা থানা এলাকা ত্যাগ করেন।