অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার প্রকাশিত এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে।
ওই ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। এসব বিলকে তিনি অতিরিক্ত দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।