Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ফাইনালে স্পেনের লাকি রেফারি, যার পরিচালনায় মেসিরা কখনো জেতেনি - Chief TV

ফাইনালে স্পেনের লাকি রেফারি, যার পরিচালনায় মেসিরা কখনো জেতেনি - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  37 views
ফাইনালে স্পেনের লাকি রেফারি, যার পরিচালনায় মেসিরা কখনো জেতেনি - Chief TV

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে স্পেনও।

মেগা ফাইনালের জন্য ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফা তার নাম ঘোষণা করেছে। মাঠে তার সহকারী হিসেবে থাকবেন স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।

এছাড়া চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আল কালাফ।

তবে ভিনচিচের নাম ঘোষণার পর আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। কারণ তার পরিচালনায় এর আগে কোনো ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। একমাত্র ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি ছিলেন ম্যাচ অফিসিয়াল, যেখানে ২-১ গোলে হেরেছিল মেসির দল।

যদিও ওই ম্যাচে লিয়েন্দ্রো পারেদেসকে ফাউলের কারণে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন লিওনেল মেসি।

অন্যদিকে স্পেনের সঙ্গে ভিনচিচের অভিজ্ঞতা বেশ ভালো। উয়েফার অন্যতম পরিচিত এই রেফারি স্পেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ইউরো ২০২০-এ সুইডেনের বিপক্ষে ম্যাচ এবং ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও তার পরিচালনায় হয়েছে।

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারেও ভিনচিচের উপস্থিতি রয়েছে। ইউরো ২০২৪-এ ইতালি ও ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের খেলা দুটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি, আর দুটিতেই জয় পেয়েছিল স্পেন।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান স্লাভকো ভিনচিচ। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালসহ বেশ কিছু বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বকাপ অভিষেক হয় এই রেফারির। চলতি আসরে এটি তার চতুর্থ এবং ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ হতে যাচ্ছে।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াই পরিচালনা করবেন ভেনেজুয়েলার জেসুস ভ্যালেনজুয়েলা। তার সহকারী হিসেবে থাকবেন হোর্হে উরেগো ও তুলিও মোরেনো।


Share: