কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে রুবেল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত রুবেল সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মদনটারি গ্রামের ভোলা মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রোববার সকালে স্থানীয়রা কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।