Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম - Chief TV

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  25 views
মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম - Chief TV

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরোর নাম উঠে এসেছে। তবে আদালতের নথি অনুযায়ী, এ মামলায় আগুয়েরোকে আসামি বা অভিযুক্ত করা হয়নি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার প্রমাণও পাওয়া যায়নি।

বিচারক পাবলো ইয়াদারোলার তত্ত্বাবধানে চলা তদন্তে মূলত একটি সন্দেহভাজন চক্রের বাণিজ্যিক পরিকল্পনায় আগুয়েরোর পরিচিতি ও ভাবমূর্তি কীভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের নথিতে বলা হয়েছে, আগুয়েরোর প্রতিষ্ঠিত একটি ই-স্পোর্টস ক্লাবকে ঘিরে ‘ক্রু টিকিটস’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্ম চালুর বিষয়ে আলোচনা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন থেকে উদ্ধার হওয়া বার্তা ও নথিতে প্রকল্পটির বিভিন্ন দিক উঠে এসেছে।

তদন্তকারীদের ধারণা, আগুয়েরোর বিশ্বজোড়া পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে বড় ধরনের বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল সন্দেহভাজন চক্রটি। এরই মধ্যে চক্রটির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন পিবট আলভারেজ আটকের পর থেকে অনশন করছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জানুয়ারি দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি দে কারলুচি নামে এক ব্যক্তি এক বার্তায় জানান, টিকিটিং প্ল্যাটফর্ম নিয়ে তিনি শিগগিরই আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আশা করছেন। কয়েক সপ্তাহ পরের কথোপকথনে একাধিক কোম্পানির মাধ্যমে প্রকল্পটি পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

তদন্তকারীদের সন্দেহ, চক্রটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের কাছে রিকার্দো বোচিনি স্ট্রিটের একটি স্থাপনাকে ঘিরেও তাদের কর্মকাণ্ড পরিচালনার তথ্য তদন্তে উঠে এসেছে।

তবে আদালতের নথিতে আগুয়েরোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার তথ্য নেই। তদন্তে তার নাম আসার বিষয়টি এখন পর্যন্ত সন্দেহভাজনদের বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে তার পরিচিতি ব্যবহারের প্রচেষ্টার সঙ্গেই সম্পর্কিত বলে প্রতীয়মান হচ্ছে।


Share: