Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ‘তুমি এখন বাংলাদেশে নেই’, মিরাজকে কেন এ কথা বললেন স্টার্ক? - Chief TV

‘তুমি এখন বাংলাদেশে নেই’, মিরাজকে কেন এ কথা বললেন স্টার্ক? - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  69 views
‘তুমি এখন বাংলাদেশে নেই’, মিরাজকে কেন এ কথা বললেন স্টার্ক? - Chief TV

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে চাপে রাখতে না পারার হতাশা যেন প্রকাশ পেল অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের আচরণে। বাংলাদেশের ইনিংসের শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা ওভারের পঞ্চম বলে পয়েন্ট অঞ্চলে বল ঠেলে এক রানের জন্য দৌড় দেন মিরাজ। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে থাকা স্টার্ককে খেয়াল করতে পারেননি তিনি। স্টার্কের ফলো-থ্রু এড়াতে গিয়ে মিরাজ পিচের মাঝের সংরক্ষিত অংশ দিয়ে দৌড়ান। বিষয়টি নজরে পড়ার পর আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে সতর্ক করেন।

এ সময় মিরাজের ওপর ক্ষোভ প্রকাশ করেন স্টার্ক। স্টাম্প মাইক্রোফোনে তাকে ফলো-থ্রু নিয়ে আপত্তি জানাতে শোনা যায়। মিরাজ আম্পায়ারের কাছে বিষয়টি ব্যাখ্যা করে জানান, তিনি স্টার্ককে দেখতে পাননি। এরপর স্টার্ক আবারও মিরাজকে উদ্দেশ করে মন্তব্য করেন। তবে বাক্যবিনিময়ের পর পরিস্থিতি আর উত্তপ্ত হয়নি এবং খেলা স্বাভাবিকভাবে চলতে থাকে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য মিরাজের কোনো ইচ্ছাকৃত ভুল দেখছেন না। ধারাভাষ্যে তিনি বলেন, বলের দিকে তাকিয়ে থাকায় মিরাজ সামনে থাকা স্টার্ককে দেখতে পাননি। পরিস্থিতি বুঝে পিচের মাঝের দিক দিয়ে দৌড়ে যাওয়া তার ইচ্ছাকৃত ছিল না বলেও মন্তব্য করেন পন্টিং।

সহধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের মতে, দীর্ঘ সময় মাঠে থাকার হতাশা থেকেই স্টার্কের এমন প্রতিক্রিয়া এসেছে। দিনের শেষ পর্যন্ত অবশ্য মিরাজ নিজের মনোযোগ ধরে রাখেন। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে দিন শেষ করেন তিনি।

দিন শেষে মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫১ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।


Share: