বিশ্বকাপ ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই প্রথমবারের মতো লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন। ফাইনালের আগে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে তাদের ১৯ বছর আগের একটি ছবি।
২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন তৎকালীন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সেই আয়োজনেই মাত্র পাঁচ মাস বয়সী লামিনে ইয়ামালের সঙ্গে ছবি তোলেন তিনি।
ছবিতে দেখা যায়, ছোট্ট ইয়ামালকে একটি প্লাস্টিকের বাথটাবে বসিয়ে গোসল করিয়ে দিচ্ছেন তরুণ মেসি। এত বছর পর সেই ছবিই এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
ফাইনালের আগে নিউইয়র্কে এক অনুষ্ঠানে সেই ছবি নিয়ে কথা বলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ছোট্ট শিশু ইয়ামালের সঙ্গে তোলা সেই ছবি এবং এত বছর পর বিশ্বকাপ ফাইনালে তার মুখোমুখি হওয়া সত্যিই অবিশ্বাস্য।
মেসি বলেন, ইয়ামাল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি তার সাফল্য কামনা করেন, কারণ ইয়ামালের ভালো করা মানে বার্সেলোনারও ভালো করা। মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের এই তরুণ তারকা নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ইয়ামালের সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে ফাইনালে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে প্রতিপক্ষ তার সেরা খেলাটা খেলতে না পারে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নামছে আর্জেন্টিনা। দলের ওপর প্রত্যাশার চাপ নিয়ে মেসি বলেন, তারা চাপ নিয়ে খুব বেশি ভাবেন না। বরং মাঠে নেমে খেলাটা উপভোগ করাই তাদের মূল লক্ষ্য।
মেসির মতে, ফুটবল তাদের কাছে ছোটবেলার ভালোবাসা। জয়-পরাজয়ের অভিজ্ঞতার মধ্য দিয়েই একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠতে হয়। তিনি বলেন, জীবনে জয় যেমন আসে, তেমনি হার থেকেও অনেক কিছু শেখা যায়।