Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  35 views
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Chief TV

বগুড়ার ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬)।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ঘটনার ছবি দেখে তাঁকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বর্ণ। এ ছাড়া বার্মিজ চাকুসহ গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্ণের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য-সংক্রান্তসহ মোট চারটি মামলা রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: