শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর বিচার দেখতে দেশের মানুষ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর ভাষ্য, এটিই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।
ইতিহাস প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ইতিহাস পাল্টানো যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। দলটির নেতাকর্মীরা গর্ব করে বলতে পারেন, তাঁরা শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দলের কর্মী। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই।” মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য বলে জানান তিনি।
মীর শাহে আলম আরও দাবি করেন, জামায়াতে ইসলামী বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।
সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন, এমন ভোটারদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান মীর শাহে আলম।