বগুড়ার শেরপুরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। হামলা, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভীমজানি এলাকার মুকুল হোসেন তার জমিতে সেচের কাজ শুরু করলে পাশের জমিতে কিছু পানি চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সাজেদুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে মুকুলকে মারধর করা হলে তাকে রক্ষা করতে তার দুলাভাই ও ভাগিনা এগিয়ে আসেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে মুকুলের শ্যালক বাদশা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাদশার মোটরসাইকেল ভাঙচুর এবং তার ব্যাগে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া কয়েক দফা হামলা চালিয়ে বসতবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনায় মোট প্রায় আড়াই লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।