Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন - Chief TV

স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন - Chief TV

2026-08-19  মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  43 views
স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন - Chief TV

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন জমির ক্রেতা-বিক্রেতা, দলিল লেখকসহ সংশ্লিষ্টরা। বুধবার (১৯ আগস্ট) উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। এখানকার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার দলিল নিবন্ধন হয়। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এতে দাতা-গ্রহীতাদের সময়ক্ষেপণ, ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। অনেককে দলিল নিবন্ধনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান তারা।

শেরপুর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এস এম ফেরদৌস বলেন, ধুনট উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা সিদ্দিকা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার শেরপুরে এসে সীমিতসংখ্যক দলিল নিবন্ধন করেন। এতে কাজের চাপ সামলানো সম্ভব হচ্ছে না এবং সেবাপ্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে।

মানববন্ধনে অংশ নেওয়া দলিল গ্রহীতা আব্দুল কাদের বলেন, স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় অফিসের নিয়মিত প্রশাসনিক ও নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে দলিল দাতা-গ্রহীতা, আইনজীবী, দলিল লেখকসহ সংশ্লিষ্ট সবাই সমস্যায় পড়ছেন। তিনি দ্রুত একজন যোগ্য ও স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান।

এদিকে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের পক্ষ থেকে বগুড়া জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে জনভোগান্তি কমাতে দ্রুত একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়ন বা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেবে।


Share: