বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে শহরের পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। একই দিন বেলা ১১টার দিকে শহরতলির নওদাপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় প্রাণ হারান এক নারী। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
নিহত যুবকের নাম মোজাহিদুল ইসলাম ফয়সাল (২৮)। তিনি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। ফয়সাল জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন ফয়সাল। সাতমাথা থেকে তিনমাথার দিকে যাওয়ার পথে পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ফয়সাল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই সহকর্মী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, পুরান বগুড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, একই দিন বেলা ১১টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গাইবান্ধা যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় মম ইন হোটেলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধা চলে যান। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।