Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী - Chief TV

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  23 views
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী - Chief TV

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী নাজমা আরা বারী এবং এক পথচারী নারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়িবহর কিচক ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় হঠাৎ এক নারী পথচারী গাড়ির সামনে চলে এলে তাকে বাঁচাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনায় আহত পথচারী শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পথচারী ফিরোজা বেগমও আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।


Share: