Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু - Chief TV

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  5 views
খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু - Chief TV

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং পথচারী ফিরোজা বেগম আহত হন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে পুলিশের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে পাঠানো হয়। অন্যদিকে স্থানীয়রা গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালেই পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: